পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভরিপাশা ও তালতলী বাজার এলাকার প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক দীর্ঘদিনেও পাকাকরণ করা হয়নি। ফলে বছরের পর বছর চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন প্রায় ১০ হাজার মানুষ। স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হোক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়কের ওপর নির্ভরশীল রয়েছে এলাকার তিনটি সরকারি ও চারটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলো হলো ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়, তালতলী-ভরিপাশা দাখিল মাদ্রাসা, ১৪৭ নম্বর তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরিপাশা মহিলা দাখিল মাদ্রাসা, সৈয়দ দাখিল মাদ্রাসা, পূর্ব ভরিপাশা ২৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভূইয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি একটি খেয়াঘাট ও একটি লঞ্চঘাট থাকায় প্রতিদিন বহু মানুষের যাতায়াতও এই সড়ক দিয়েই হয়ে থাকে।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে কাঁচা সড়কটি কাদা ও পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে বিলম্ব হয়। অনেক সময় পিচ্ছিল সড়কে দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাও ঘটে। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতও বাধাগ্রস্ত হচ্ছে।
১৪৭ নম্বর তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক ফয়সাল বলেন, “বিদ্যালয়ে আসার জন্য উপযুক্ত সড়ক না থাকায় বর্ষাকালে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারে না। আবহাওয়া খারাপ হলে তাদের বিদ্যালয়ে আসা প্রায় অসম্ভব হয়ে যায়।”
স্থানীয়রা দ্রুত সড়কটি পাকাকরণের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।
মোঃ আব্দুল্লাহ আল লিখন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 



















