চট্টগ্রাম নগরের টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান।
রবিবার (১২ জুলাই) তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি পরিবারের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়ে অবগত হন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পানিবন্দি মানুষের খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীর পাশে থেকে সিটি কর্পোরেশনের ত্রাণ ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।
এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমানও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম: 



















