বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নারায়ণপুর বুড়া কালিতলা থেকে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার স্কুলগামী সড়কের নির্মাণকাজ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের আহ্বানে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সড়ক নির্মাণকাজের সার্বিক সমন্বয়ে রয়েছেন উপজেলা যুবদলের সভাপতি ও মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনসম্পৃক্ত এমন উদ্যোগ এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আবু তাহের, পৌর বিএনপির সহ-সভাপতি জেড এম মতিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পী, কাউন্সিলর রবিউল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা ফরমান আলী, নজরুল ইসলাম, মাহবুর রহমান, পান্না মেম্বার, নিমাই, সুজন, বিলাস, নাদু, নুরুল, মিলন আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো। স্বেচ্ছাশ্রমে নির্মাণকাজ শুরু হওয়ায় সড়কটি দ্রুত চলাচলের উপযোগী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এম. আজাদ খাঁন স্টাফ রিপোর্টার, (বগুড়া): 



















