চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা ছেঁড়া অবস্থায় উড়তে দেখা গেছে। মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এভাবে ক্ষতিগ্রস্ত জাতীয় পতাকা উড়তে থাকায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পতাকার একাধিক অংশ ছিঁড়ে গেছে এবং বাতাসে উড়তে থাকা অবস্থায় সেটি স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত বলে প্রতীয়মান হচ্ছে। স্থানীয়দের মতে, এটি শুধু একটি প্রশাসনিক অবহেলার বিষয় নয়, বরং জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় দায়িত্বশীলদের নজরদারির ঘাটতিরও প্রতিফলন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ছেঁড়া জাতীয় পতাকা উড়বে—এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি দ্রুত সংশোধন করা উচিত।”
জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। তাই জাতীয় পতাকার যথাযথ মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও নৈতিক দায়িত্ব।
স্থানীয়দের দাবি, অবিলম্বে ছেঁড়া পতাকা অপসারণ করে নতুন জাতীয় পতাকা উত্তোলন করা হোক। একই সঙ্গে কীভাবে এমন অবহেলা ঘটল, তা খতিয়ে দেখে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য নিয়মিত তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
আবু নাছের | মতলব উত্তর, চাঁদপুর 



















