মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামের প্রবাসী হাফিজুর রহমান (পিতা: মোহাম্মদ আলী) নিহত হয়েছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত ছিলেন হাফিজুর রহমান। কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়ভাবে তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল (ইনশাআল্লাহ) তার মরদেহ দেশে পাঠানো হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
হঠাৎ স্বামীর মৃত্যুতে মালয়েশিয়ায় থাকা তার স্ত্রী গভীর শোকাহত হয়ে পড়েছেন। এদিকে, আলিপুর গ্রামে তার মৃত্যুর খবর পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা জানান, জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু কেউ কল্পনাও করেননি।
মরহুম হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















