এক শিক্ষার্থীর শাসনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার বিষয়ে প্রধান শিক্ষিকা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবক পরস্পরের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ তুলেছেন।
প্রধান শিক্ষিকা কাবেরী করিম জানান, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বিসমাহ জান্নাত ঐশ্বর্য অ্যাসেম্বলির সময় এক সহপাঠীর সঙ্গে কথা বলছিল। বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে তিনি শিক্ষার্থীকে শাসন করেন এবং গালে একটি চড় দেন।
তার অভিযোগ, বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর বাবা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে এসে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষিকার কক্ষে ঢুকে চেয়ারে বসা অবস্থায় আচমকা তাকে চড়-থাপ্পড় মারেন। পরে উপস্থিত শিক্ষক-কর্মচারীরা তাকে সেখান থেকে সরিয়ে দেন।
প্রধান শিক্ষিকা কাবেরী করিম বলেন, “শিক্ষার্থীদের আদরের পাশাপাশি প্রয়োজন হলে শাসনও করতে হয়। কিন্তু একজন অভিভাবক আমার কক্ষে ঢুকে আমার গায়ে হাত তুলবেন, তা কখনো ভাবিনি। এখন বিদ্যালয়ে যেতে আমি নিরাপত্তাহীনতা বোধ করছি।”
অন্যদিকে, শিক্ষার্থীর বাবা সামসউর রহমান শুভ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, তাঁর সন্তান অসুস্থ থাকা সত্ত্বেও স্কুলে গিয়েছিল। অ্যাসেম্বলির অতিরিক্ত শব্দ সহ্য করতে না পেরে সে দুই কানে হাত দেয়। এ কারণে ফার্মপাড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা কাবেরী করিম তাকে মারধর করলে সে মাটিতে পড়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, ঘটনার কারণ জানতে তিনি ও তাঁর স্ত্রী প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলে প্রধান শিক্ষিকা তাদের সঙ্গে কুরুচিপূর্ণ ও আপত্তিকর ভাষায় কথা বলেন। একজন বাবা হিসেবে সন্তানের সঙ্গে এমন আচরণের প্রতিবাদ করতেই পরিস্থিতির অবনতি ঘটে।
সামসউর রহমান শুভ আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষিকা ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর স্বামীর রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করেন। তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে উভয় পক্ষের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















