বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কড়িবাড়ী ইসলামিয়া মাদ্রাসা ও স্কুল মাঠে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি চারার পরিচর্যার জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে শিক্ষার্থীদের জনপ্রতি ১০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেলে মোকামতলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোকামতলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মাহমুদ হোসেন তৌফিক, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, বিএনপি নেতা আব্দুল হান্নান, এ কে এম ইদ্রিস আলী, ফজলুর রহমান, মোকামতলা বিএনপির সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা, সমন্বয়ক আতিকুর রহমান সুজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে গাছের চারা বিতরণকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে চারা গ্রহণ করে এবং সেগুলোর যথাযথ পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সকাল ও এমরান। তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
শাকিল আহম্মেদ | মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ 



















