টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনকালে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সখীপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে হাজীর মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলামকে (২১) নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত সখীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, জাহিদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে তিনি নিজের ঘরের চালের টিন পর্যন্ত বিক্রি করেছেন। মো. জাহিদুল ইসলামকে জিজ্ঞাসা করলে বলেন, টাকার দরকার ছিল টিন বিক্রি করেছি – আমি ভাত খেতে পারি না।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















