ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় লুকায়িত অর্ধকোটি টাকার বেশী মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি। জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে কুমিল্লাগামী একটি বাসে তল্লাশী করে বাসের বক্সের ভিতরে ড্রামের উপরে বরফ দিয়ে ঢাকা অবস্থায় ছিল এসব শাড়ি। ৮ জুলাই সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল অভিনব কায়দায় লুকায়িত মোট ৪ শ ২২ পিস ভারতীয় শাড়ী আটক করে যার আনুমানিক সিজার মূল্য-তিপ্পান্ন লক্ষ আটষট্টি হাজার টাকা। বিজিবি জানায় বাসটি সিলেট হতে কুমিল্লা যাচ্ছিল। আটককৃত ভারতীয় শাড়ী আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ জানান দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমি 



















