চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৯নং সমিতিরহাট ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে এ সেবার কার্যকারিতা সম্পর্কে অবহিত করতে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে সমিতিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সমিতিরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আলমের সভাপতিত্বে এবং গ্রাম আদালত সমন্বয়ক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ছালে আহমদ, প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, জেবুন নাহার ও সেলিনা আক্তার, সমাজসেবক আবুল হাশেম প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে এবং সহজ প্রক্রিয়ায় ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এ সেবাকে আরও জনমুখী করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের শেষপর্বে গ্রাম আদালত বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ২০ জন বিজয়ীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি 



















