জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন এবং ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার ও ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের মাধ্যমে পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন টিসিবি ডিলাররা।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক টিসিবি ডিলার অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে টিসিবির বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তারা সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু চুক্তি পুনঃনবায়ন প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে থাকায় শতাধিক ডিলার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এতে তাদের জীবিকা, ব্যবসা এবং পরিবার-পরিজনের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও বলেন, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে চুক্তি নবায়নের বিষয়ে ইতিবাচক সুপারিশ থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে বিলম্ব হওয়ায় ডিলারদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী চুক্তি সম্পাদন করে নবায়নের ব্যবস্থা গ্রহণ এবং যোগ্য ডিলারদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার টিসিবি ডিলার আতাউর রহমান, চিলমারী উপজেলার টিসিবি ডিলার পলাশসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে দ্রুত চুক্তি সম্পাদন করে পুনঃনবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ডিলাররা সতর্ক করে বলেন, যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপ
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা - আপডেট সময় : ০৮:৪৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- 38
জনপ্রিয় সংবাদ




















