গভীর রাতে কুড়িগ্রাম শহরে পৌর বিএনপির এক নেতার ওপর সংঘটিত সশস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন কুড়িগ্রাম পৌর বিএনপির সম্মানিত সদস্য মোঃ ফরহাদ হোসেন। এ ঘটনায় কুড়িগ্রাম পৌর বিএনপি এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম শহরের হাসপাতাল পাড়া এলাকায় নিজ বাসভবনের পাশে মোঃ ফরহাদ হোসেনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করে। বিএনপির দাবি, হামলাটি ছিল পরিকল্পিত, নৃশংস এবং রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টি ও সুস্থ রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করার একটি অপচেষ্টা।
বিবৃতিতে কুড়িগ্রাম পৌর বিএনপি অভিযোগ করে, একটি চিহ্নিত মহল বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালাচ্ছে। তবে দলটি স্পষ্টভাবে জানায়, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই পিছিয়ে যাবে না।
পৌর বিএনপি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে আহত মোঃ ফরহাদ হোসেনের দ্রুত সুস্থতা কামনা এবং তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
এ ঘটনায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, অন্যায়, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম পৌর শাখার পক্ষ থেকে আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব এবং সদস্য সচিব মোঃ আব্দুল আলিম যৌথভাবে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কুড়িগ্রামে পৌর বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা: তীব্র নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা - আপডেট সময় : ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 51
জনপ্রিয় সংবাদ




















