শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মানোন্নয়নে পুলিশ সুপারের দিকনির্দেশনা
দিনাজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে সোমবার (৬ জুলাই ২০২৬) বর্ণাঢ্য আয়োজনে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলা, পেশাদারিত্ব, শারীরিক সক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাস্টার প্যারেড কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। পরিদর্শন শেষে তিনি প্যারেডে অংশ নেওয়া অফিসার ও ফোর্সদের সালাম গ্রহণ করেন এবং তাদের শৃঙ্খলা, কুচকাওয়াজের দক্ষতা ও পেশাদারিত্ব পর্যবেক্ষণ করেন।
বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট নয়টি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করে। প্যারেড পরিচালনায় অধিনায়কের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাহীন আলী। কুচকাওয়াজে অংশগ্রহণকারী সদস্যদের নিখুঁত পদচারণা, সুশৃঙ্খল পরিবেশনা ও বাদক দলের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
প্যারেড শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্নআউট, শৃঙ্খলা ও সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সদের সার্বিক শৃঙ্খলা, ড্রেস রুলস অনুসরণ এবং পেশাদার আচরণে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনবান্ধব পুলিশিং এবং জনগণের প্রতি আরও আন্তরিক ও মানবিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার দিনাজপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিল শেড পরিদর্শন করেন এবং সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম
তারিখ: ৬ জুলাই ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
স্টাফ রিপোর্টার | মোঃ মশিউর ইসলাম 



















