কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় ব্রাজিল ফুটবল দলের এক সমর্থকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত রতন (১৯) ওই এলাকার হোসেন মিস্ত্রীর সেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের পরাজয়ের পর রতন মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের দাবি, পরদিন সকালে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন জানানো হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পরিবার ও স্থানীয়দের দাবি, ব্রাজিলের পরাজয় এবং এ নিয়ে মানসিক আঘাতের কারণেই রতন এ মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন।
আবদুল হাকিম শৈলকূপা প্রতিনিধি 



















