মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।সরকারি সুযোগ-সুবিধা না পেলেও মাদরাসাগুলোতে মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে এবং বর্তমানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মাদরাসা থেকে ভর্তি হচ্ছে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে ‘শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত বেতন, পেনশন ও গ্র্যাচুইটির সুবিধা রয়েছে। কিন্তু অধিকাংশ মাদরাসার শিক্ষক এসব সুযোগ-সুবিধা পান না। তারপরও তারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করছেন। বর্তমানে মাদরাসাগুলোতে অনেক ভালো মানের শিক্ষা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মাদরাসা থেকে ভর্তি হচ্ছে।
মাদরাসা শিক্ষকদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাদরাসার শিক্ষকরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং শিক্ষাদানকে দায়িত্ব ও আমানত হিসেবে মনে করেন। সরকারি বেতন না থাকলেও বিভিন্নভাবে সহযোগিতা ও কোরআন শিক্ষার মাধ্যমে যে সামান্য আয় করেন, তা দিয়েই সংসার চালান। সীমিত সামর্থ্যের মধ্যেও তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছেন।
সরকারি শিক্ষাব্যবস্থার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মাদরাসা, কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষায় যাচ্ছে। কিন্তু সরকারি বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এই বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে সরকারি শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, একসময় দেশে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে ঝুঁকেছে। তাই সরকারি শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও নিষ্ঠা, জবাবদিহি ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















