জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল মুন্নি এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালাম, সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ও রাজপথের লড়াকু সৈনিক মোঃ আরাফাত কল্লোল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ও সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ নওয়াজিশ ইসলাম রিয়েল।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে সাবিরা নাজমুল মুন্নি এমপি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিক্ষাবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষা প্রশাসনের প্রতিটি স্তরকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি পরীক্ষা পরিচালনা, ফল প্রকাশ, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা বোর্ডের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাৎকালে যশোর শিক্ষা বোর্ডের সার্বিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সংসদ সদস্য হিসেবে সাবিরা নাজমুল মুন্নি শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সম্প্রসারণ, ডিজিটাল সেবা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতা এবং শিক্ষা-সংশ্লিষ্ট সমস্যা সমাধানে তাঁর আন্তরিক সহায়তা কামনা করা হয়।
জবাবে সাবিরা নাজমুল মুন্নি এমপি বলেন, শিক্ষা খাতের উন্নয়নকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন। যশোর শিক্ষা বোর্ডের কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় গঠনমূলক উদ্যোগ গ্রহণ এবং শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থী তৈরির পরিবেশ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















