পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে গত ৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ২৫ দিনে ২৪ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় ১২টি মাদক মামলা দায়ের এবং একটি মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদক ব্যবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ ফুট ৮ ইঞ্চি একটি জ্যান্ত গাঁজা গাছ ও ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার বাশুরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ রাজু (৩০), একই এলাকার আবির তালুকদারের ছেলে মোঃ ফাহিম (২২), কাঠালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সজল (৩০) ও বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার বাসিন্দা হোসেন ব্যাপারীর ছেলে কবির হোসেন (৪৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কিছু মাদক কারবারি যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমেছে। তারা মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে আমরা স্বস্তি অনুভব করছি। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় আমরা ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতেও মাদক নির্মূলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কাউখালীতে ২৫ দিনে ২৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিশেষ অভিযানে আরও ৪ মাদক কারবারি আটক, এলাকাবাসীর সন্তোষ
-
মোঃ আল মামুন ক্রাইম রিপোর্টার পিরোজপুর - আপডেট সময় : ০৩:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- 69
কাউখালীতে ২৫ দিনে ২৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিশেষ অভিযানে আরও ৪ মাদক কারবারি আটক, এলাকাবাসীর সন্তোষ
জনপ্রিয় সংবাদ



















