যশোর, ৪ জুলাই: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব সেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত সভায় অংশ নিয়ে যশোরের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা কার্যক্রমের তদারকি, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ এবং রোগীদের সেবার মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে সংসদ সদস্য বলেন, জনগণের জন্য মানসম্মত, সহজলভ্য ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দেওয়া নির্দেশনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোনো রোগী বা তার স্বজন যেন হয়রানি, ভোগান্তি কিংবা বৈষম্যের শিকার না হন। রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি সেবার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।
সভা শেষে সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি হাসপাতালের আইসিইউ ও জেনারেল ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যার পাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে মতামত শোনেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
সংশ্লিষ্টরা জানান, সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ অধিকতর মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।
আবু রাসেল স্টাফ রিপোর্টার | দৈনিক বাংলার সংবাদ 



















