যশোর, ৪ জুলাই: যশোর জেলা স্কুলের নির্মাণাধীন ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শিক্ষা অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে “সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সমূহের উন্নয়ন” প্রকল্পের আওতায় ভবনটি নির্মিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং নির্মাণকাজ পরিচালনা করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), যশোর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন। এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অতিথিরা নির্মাণাধীন প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ১০ তলা একাডেমিক ভবন নির্মিত হলে যশোর জেলা স্কুলে শ্রেণিকক্ষের সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা-সুবিধা লাভ করবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।
উল্লেখ্য, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (৪ জুলাই ২০২৬) তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন করা এ প্রকল্পটি যশোর জেলা স্কুলের শিক্ষা পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ 



















