“২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের কর্মী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম-খতিব এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করেন। বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল: “অগ্রাধিকার হোক শিশুদের সুস্থ বেড়ে ওঠা, মাদকমুক্ত ভবিষ্যৎ গড়া।”
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
চাঁদপুর সদর প্রতিনিধি 



















