কুষ্টিয়ার মিরপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৪-২৫ জুন ২০২৬ তারিখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ সাগিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এ সময় স্থানীয় উদ্ভাবকদের বিভিন্ন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি ও গ্রামীণ উন্নয়নমূলক উদ্ভাবন প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করলে উৎপাদনশীলতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তারা উদ্ভাবকদের উৎসাহিত করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, উদ্যোক্তা, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সেমিনার শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্ভাবকদের স্টল পরিদর্শন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী প্রযুক্তির প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ সোহরাব হোসেন
মিরপুর উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া
সোহরাব হোসেন:: উপজেলা প্রতিনিধি, মিরপুর, কুষ্টিয়া 



















