সিলেটের জৈন্তাপুর উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ৮.৩০ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থানীয় লোকজন গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেন।
পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে কিছু পরিমাণ গাঁজাও উদ্ধার করা হয়।
পরে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পলি রানী দেব ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করলে আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কেন্দ্রী গ্রামের আবিদ হোসেনের ছেলে আব্দুর রহমান (১৮) এবং একই গ্রামের রইছ আলীর ছেলে ফয়জুল আহমেদ (২০)
অভিযানের সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
স্থানীয় প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম 



















