কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে স্থাপন করা ৩৬টি চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে চাকিরপশার বিলসহ আশপাশের জলাশয়গুলোতে অসাধু কিছু ব্যক্তি নিষিদ্ধ ও অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করে আসছিলেন। এসব জালের মাধ্যমে ছোট-বড় সব ধরনের মাছ ও মাছের পোনা আটকা পড়ায় প্রাকৃতিক মৎস্য প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সামিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপন করা ৩৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ মৎস্য আহরণ ও নিষিদ্ধ জালের ব্যবহার রোধে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখা হবে। মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, দেশের জলজ সম্পদ সংরক্ষণে সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে।
চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণে মোবাইল কোর্ট, ৩৬টি চায়না দুয়ারি জাল জব্দ
-
মহানন্দ বর্মন, রাজারহাট উপজেলা প্রতিনিধি। - আপডেট সময় : ১০:২৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















