নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে অবস্থিত তরণীবাড়ি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মানোন্নয়ন, মানবিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগের মাধ্যমে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ সুমন সাদেক ও সরকারি অধ্যক্ষ তরুণ কুমার রায়ের নেতৃত্বে বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে মাধ্যমিক শাখায় মোট শিক্ষার্থী ৩৭৩ জন। এর মধ্যে বালিকা ২০০ জন এবং বালক ১৭৩ জন। কলেজ শাখায় মোট শিক্ষার্থী ৭৬ জন, যার মধ্যে প্রথম বর্ষে ৩৭ জন এবং দ্বিতীয় বর্ষে ৩৯ জন অধ্যয়নরত রয়েছে।
শিক্ষার্থীদের কল্যাণে প্রতিষ্ঠানটির শিক্ষকরা নিজেদের উদ্যোগে প্রায় ৪৫ হাজার টাকা ব্যয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন। ভর্তি ফি না নিয়ে ভর্তির ব্যবস্থা করেছেন । পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগও প্রদান করা হচ্ছে।
অধ্যক্ষ মোঃ সুমন সাদেক জানান, দূর-দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়তে আসে। তাদের সুবিধার্থে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা চালুর বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।
তিনি বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে। লেখাপড়া ও শৃঙ্খলার ক্ষেত্রে আমরা সবসময় ভালো ফলাফল ধরে রাখার চেষ্টা করছি।”
মাদক ও অনলাইন জুয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যক্ষ মোঃ সুমন সাদেক বলেন, “বর্তমানে মাদক ও অনলাইন জুয়ার কারণে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বালক শিক্ষার্থীদের লেখাপড়ায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। প্রশাসন যদি এসব বিষয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, তাহলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এজন্য খেলার মাঠ নির্মাণ ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্থানীয় শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের মানবিক উদ্যোগ, শিক্ষার মানোন্নয়নে আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার কারণে তরণীবাড়ি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
তরণীবাড়ি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অনলাইন জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
-
মোঃ মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- 65
জনপ্রিয় সংবাদ




















