আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।
জানা গেছে , ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, লোহার শাবল, লাঠি ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধ ভাবে আদমদীঘি উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহিদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামীলীগের শতাধিক নেতা-কর্মীদের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় রবিবার সন্ধ্যায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার
-
মোঃ আহসান হাবিব (আদমদীঘি প্রতিনিধি) : - আপডেট সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 55
জনপ্রিয় সংবাদ




















