ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী যুবকের মরদেহ অবশেষে ২৬ দিন পর দেশে পৌঁছেছে। শনিবার বিকেলে মরদেহ দুটি নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
নিহতরা হলেন বজলুর রশীদ (৩৮) ও মনোহর আলী (৩৬)। বজলুর রশীদ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ কোয়ালীকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে এবং মনোহর আলী কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ মে ইরাকের কুর্দিস্তান এলাকায় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহ দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
স্বজনরা জানান, মনোহর চার বছর আগে এবং বজলুর প্রায় দেড় বছর আগে জীবিকার তাগিদে ইরাকে যান। সেখানে একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন তারা। তবে তাদের কারও বৈধ কাগজপত্র বা আকামা ছিল না।
জানা গেছে, কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শনিবার বিকেলে নিজ নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শত শত মানুষ অংশ নেন।
নিহত মনোহরের স্ত্রী সোমা আক্তার বলেন, “ঋণ করে স্বামী বিদেশে গিয়েছিল। ভাবিনি এভাবে কফিনে ফিরে আসবে। এখন সন্তানদের নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।”
বজলুর বড় ভাই সাফিউল ইসলাম জুয়েল বলেন, “ছোট ভাই সংসারের হাল ধরতে বিদেশে গিয়েছিল। আজ তার নিথর দেহ ফিরে এসেছে। এই শোক মেনে নেওয়া কঠিন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে প্রশাসন রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করা হবে।
২৬ দিন পর কফিন বন্দী হয়ে দেশে ফিরলেন ইরাক প্রবাসী মাদারগঞ্জের দুই যুবক
-
সাদ্দাম হুসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ০৪:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- 63
জনপ্রিয় সংবাদ




















