জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা (সাধারণ জ্ঞান)-এ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফ।
এই গৌরবময় অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং সবার দোয়া ও সহযোগিতার ফলস্বরূপ সে এই কৃতিত্ব অর্জন করেছে বলে জানিয়েছেন তার অভিভাবকরা।
জারিফের বাবা-মা জানান, “এটি আমাদের জীবনের অন্যতম স্মরণীয় ও গর্বের মুহূর্ত। সন্তানের এমন অর্জনে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এই সাফল্য আমাদের চোখে আনন্দের অশ্রু এনে দিয়েছে।”
জারিফের বাবা মোঃ আব্দুল বাতেন আরও বলেন, এই অর্জনের পেছনে বর্তমান ও সাবেক শিক্ষা প্রতিষ্ঠান রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু নিকেতন রাজারহাটের সম্মানিত শিক্ষকমণ্ডলী, সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের আন্তরিক সহযোগিতা, উৎসাহ ও দিকনির্দেশনা জারিফকে সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই পুরস্কার শুধু একটি অর্জন নয়, বরং স্বপ্ন, পরিশ্রম ও দৃঢ় প্রচেষ্টার অনুপ্রেরণামূলক গল্প। তারা সবার কাছে জারিফের উজ্জ্বল ভবিষ্যৎ, জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দোয়া কামনা করেছেন।
প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পর আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজের নিকট থেকে পদক গ্রহণ করেন।
এই অর্জন রাজারহাট তথা কুড়িগ্রাম জেলার জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
মহানন্দ বর্মন, রাজারহাট উপজেলা প্রতিনিধি। 



















