গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১ দিন পর বাক প্রতিবন্ধী মমিন মিয়া নামের ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া এলাকায় বাঙালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মমিন মিয়া ওই এলাকার বাক প্রতিবন্ধী মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে মায়ের সাথে বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মমিন নিখোঁজ হয়। তখন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্ত রাত গভীর হওয়ায় এবং ফায়ার সার্ভিসের ডুবুরির দল না আসায় তারা বাধ্য হয়ে বাড়ি চলে যান। পরে আজ দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান জানান, আজ (বুধবার) দুপুরে স্থানীয়রা বাড়ির পাশেই নদীতে মমিনের মরদেহ ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার
-
(মোঃ ইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি - আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















