আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শুরু হয়েছে এক ভিন্নধর্মী প্রচারণা কার্যক্রম।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা জনগণের মাঝে ধানের শীষ প্রতীকের স্টিকার বিতরণ করেন।
ব্যতিক্রমী এই প্রচারণা কার্যক্রমে শ্রমিক দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক, দোকানপাট, ও যানবাহনে গিয়ে ধানের শীষ প্রতীকের স্টিকার লাগিয়ে দেন। এ সময় তারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে ভোট ও সমর্থন চেয়ে স্টিকার বিতরণ করেন।
এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু বলেন,
আমরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি জনগণের মাঝে ধানের শীষের প্রতীককে আরও জনপ্রিয় করে তুলতে। দেশের বর্তমান প্রেক্ষাপটে গণমানুষের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষই একমাত্র প্রতীক তাই আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি। পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে আমরা একনিষ্ঠভাবে কাজ করছি। জনগণের ভালোবাসা ও আস্থাই আমাদের প্রেরণার উৎস।
স্টিকার বিতরণকালে জেলা শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রমে ছিল উৎসবমুখর পরিবেশ শহরের সাধারণ মানুষও শ্রমিক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
ডিজিটাল ডেস্ক 

























