- শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘১৭ বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন-নিপীড়ন করেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আন্দোলনের সময় আমরা আপস করিনি। গণভবনে নিয়ে আপস করার জন্য চেষ্টা করা হয়েছে। বাধ্য হয়ে তখন আমাদের আত্মগোপনে থাকতে হয়েছে।’
সোমবার (১০ই নভেম্বর) তিনটার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, আমার মা-ও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে। চিরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। জিয়াউর রহমানের আদর্শ সকল বিএনপি নেতাকর্মীদের লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।’
স্নিগ্ধ এসময় ‘নবীন-প্রবীণ বাঁধো জোট, ধানের শীষে দেব ভোট’ স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ অনেকে।
ডিবিসি/কেএলডি


























