বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি তার স্বামী পিটার হ্যাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও নির্যাতনের অভিযোগ এনেছেন। এই অভিযোগে গত বছরের নভেম্বরে তিনি মুম্বাইয়ের আন্ধেরির একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের পর তার এই সিদ্ধান্ত ভক্তদের মাঝে বিস্ময় সৃষ্টি করেছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিনা জেটলি তার পোস্টে নির্যাতনের শিকার মানুষের মনের দ্বন্দ্ব তুলে ধরে লেখেন, সফল ও শিক্ষিত হয়েও কেন একজন মানুষ ১৫ বছর ধরে নির্যাতন সহ্য করে, সেই উত্তর দিতে দিতে বেঁচে যাওয়া মানুষরা ক্লান্ত।
তিনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জানান, সত্য মানুষ যতটা ভাবে তার চেয়েও কঠিন। নির্যাতন সরাসরি শুরু হয় না; বরং ভালোবাসা, প্রতিশ্রুতি আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দিয়েই এর শুরু। ভালো দিন আসার ‘আশা’ মানুষকে আসক্ত করে ফেলে এবং একসময় মানসিক ও মৌখিক নির্যাতনগুলো সহ্য করাটা ‘স্বাভাবিক’ হয়ে দাঁড়ায়।
এদিকে, সেলিনার আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের বিচ্ছেদের বিষয়টি এখন আইনি জটিলতায় রূপ নিয়েছে।
বিনোদন ডেস্ক 























