সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে জনপ্রিয় হয়েছেন শেখ সোলায়মান ও রাকিব। অন্যদিকে দোতারায় বেশ সরব ফাহিমা আহমেদ শিফা। এই তিন তরুণের সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসান।
তরিকের সংগীতায়োজনে ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামে গানটির ইতিমধ্যে গানচিত্র নির্মাণ সম্পন্ন হয়েছে।
‘তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই, তোমার আমার মইধ্যে তবু ভালোবাসার সীমা নাই’ এমন কথায় গীতিকবিতা সাজিয়েছেন লুৎফর হাসান নিজেই। গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব। দোতারায় ছিলেন শিফা। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।গানের দৃশ্যায়ন হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদারবাড়িতে। লুৎফর, সোলায়মান ও রাকিব, তিনজনই এক অঞ্চলের সন্তান। ফলে চিত্রায়ণও হয়েছে সেখানকার দৃষ্টিনন্দন নানান লোকেশনে।
লুৎফর হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোলায়মান ও রাকিব ভীষণ জনপ্রিয়। ওরা আমারই ছোট ভাই। এক মাটির সন্তানরা এক গানে একত্রিত হব, এটা বেশ আগের পরিকল্পনা। আর শিফা যুক্ত হয়েছে দোতারায়, ভিডিওতে সে-ও অংশ নিয়েছে। এই গান ও গানচিত্রের সবচেয়ে ইউনিক দিক এর লোকেশন।
এর আগে কখনো এই লোকেশনে কাজ হয়নি।
শেখ সোলায়মান ও রাকিব বলেন, লুৎফর ভাই আমাদের এলাকার বড় ভাই। ওনার লেখা ও সুরে অনেকেই গান করেছেন। আমাদের ইচ্ছা ছিল, একসঙ্গে কবে আমরা কাজ করব। ধ্রুব গুহ দাদা এগিয়ে আসায় শেষ পর্যন্ত কাজটা হয়েছে।
প্রযোজনাপ্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, খুব দ্রুত গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এ ছাড়া দেশি-বিদেশি একাধিক প্ল্যাটফরমে শ্রোতারা গানের অডিও শুনতে পাবেন।