অভিনেতা জাহের আলভীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে ‘আত্মহত্যা’ করেছেন তাঁর স্ত্রী আফরা ইবনাত খান ইকরা, এমন অভিযোগের মধ্যেই নতুন বিতর্ক সামনে এসেছে।
সোমবার দুপুরে জানা যায়, ইকরার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ বান্ধবীরা। দুপুর ১টা পর্যন্ত আইডিটি সচল থাকলেও দেড়টার দিকে হঠাৎই সেটিতে অস্বাভাবিকতা লক্ষ করেন তার বান্ধবী সামিয়া আলম।
সামিয়া দাবি করেন, ‘আমাদের তিন বান্ধবীর একটি চ্যাট গ্রুপ ছিল।
যেহেতু আমরাই ইকরার কাছের বন্ধু, তাই আমাদের সঙ্গে তার কথোপকথন সব মুছে দিলে হয়তো আলভী বেঁচে যাবে। আমাদের এই গ্রুপে ইকরা তার পারিবারিক অনেক সমস্যা ও সংকটের কথা বলেছে। আলভীর ব্যাপারে অনেক অভিযোগ এই গ্রুপে আছে—তাই হয়তো হ্যাক করে মুছে দিলে এসব থেকে রেহাই পাবে ভাবছে।’তিনি আরো জানান, ইকরার মৃত্যুর পর থেকেই তাঁর ব্যবহৃত মুঠোফোন পল্লবী থানার পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।
এদিকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত জাহের আলভীর অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। রবিবার রাতে দেশে ফিরেছেন—এমন গুঞ্জন শোনা গেলেও এখনো তাঁর অবস্থান নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাদ আসর ইকরাকে দাফন করা হয়।
























