যদিও অভিযোগ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি অভিনেত্রী, তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে নীরবতাই যে তার উত্তর—তা স্পষ্ট বলেই মনে করছেন নেটিজেনরা।
সূত্রের দাবি, ‘পরসাহুরা’ ধারাবাহিকের শিশুশিল্পী অভিনব, যাকে দর্শক চেনেন ‘লাট্টু’ নামে; তার পরিবারের তরফে শুটিং ফ্লোরে মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তৃণার বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নানা মহলে জলঘোলা শুরু হয়। তবে এত দিন এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন তৃণা।
এরই মধ্যে তৃণার ব্যক্তিগত জীবন নিয়েও ফের জোর চর্চা শুরু হয়েছে। স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়েছে। নেটিজেনদের নজরে এসেছে, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন নীল ও তৃণা। পাশাপাশি জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতেও এবার কোনো শুভেচ্ছাবার্তা পোস্ট করতে দেখা যায়নি তাদের।
এসব মিলিয়েই নতুন করে জল্পনা দানা বেঁধেছে।
যদিও এই সম্পর্ক ভাঙনের গুঞ্জন নতুন নয়। অতীতেও একাধিকবার এমন কথা শোনা গেছে, তবে কোনো সময়ই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তৃণা। এবারও একই অবস্থান বজায় রেখেছেন তিনি। তবে শিশুশিল্পীকে ঘিরে ওঠা অভিযোগ এবং ব্যক্তিগত জীবন—দু’দিক মিলিয়ে তৃণা সাহাকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে
বিনোদন ডেস্ক 

























