স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দুইজন সশস্ত্র ব্যক্তি লাইব্রেরি থেকে এই শিল্পকর্মগুলি চুরি করেছে এবং সঙ্গে ব্রাজিলিয়ান চিত্রশিল্পী ক্যান্ডিডো পোর্টিনারির পাঁচটি কাজও নিয়েছে।
পুলিশ এএফপিকে জানিয়েছে, অভিযুক্তরা একজন নিরাপত্তারক্ষী ও লাইব্রেরিতে বেড়াতে আসা এক বয়স্ক দম্পতিকে জিম্মি করে।
এরপরে তারা নথিপত্র সংরক্ষণের কাঁচের গম্বুজের ভেতরে প্রবেশ করে, সেখানে আটটি খোদাই করা শিল্পকর্ম একটি ক্যানভাস ব্যাগে রেখে প্রধান ফটক দিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া জিনিসপত্রের মূল্য এখনও প্রকাশ করা হয়নি। এগুলো ‘ফ্রম দ্য বুক টু দ্য মিউজিয়াম’ শিরোনামের আধুনিক শিল্প প্রদর্শনীর অংশ ছিল, যা লাইব্রেরি ও সাও পাওলোর আধুনিক শিল্প জাদুঘরের সহযোগিতায় আয়োজিত হয়েছিল।
ফোলহা দ্য সাও পাওলো সংবাদপত্রের তথ্য অনুযায়ী, চুরি হওয়া কাজের মধ্যে ম্যাটিসের ১৯৪৭ সালের শিল্পকলা বই ‘জ্যাজ’-এর কোলাজও ছিল।
প্রদর্শনীটি রবিবার শেষ হওয়ার কথা ছিল। সাও পাওলোর মেয়রের কার্যালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাইব্রেরি থেকে প্রমাণ সংগ্রহ করছে।
উল্লেখ্য, প্যারিসের লুভ্যর জাদুঘরে দুই মাস আগে একদল চোর ঢুকে কয়েক মিনিটের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ডলারের গয়না চুরি করেছিল।


























