উপসাগরীয় দেশগুলোর শাসকদের নিজেদের প্রকৃত শত্রুদের পরিকল্পনা বুঝে তা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই।
সম্প্রতি দেওয়া এক লিখিত বার্তায় মোজতবা খামেনেই বলেন, উপসাগরীয় দেশগুলোর শাসকদের উচিত তাদের প্রকৃত শত্রু চিহ্নিত করা। শত্রুদের মোকাবিলায় ঐক্য, পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা। একই সঙ্গে জনগণের মধ্যে হতাশা বা অনিশ্চয়তা তৈরি হতে পারে—এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সরকারকে সতর্ক করেন তিনি।
কঠিন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের কার্যক্রম ভালোভাবে পরিচালনা করায় ইরানের প্রেসিডেন্ট এবং সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানান মোজতবা খামেনেই।
সরকারের কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসকদের প্রশংসা করে তিনি বলেন, বিশেষ করে প্রেসিডেন্টের কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালনের আন্তরিক প্রচেষ্টা প্রশংসার যোগ্য। বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
মোজতবা খামেনেই সরকারকে অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেকারত্ব কমানোকে সরকারের প্রধান অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতার বার্তা তার সরকার ও তার প্রতি অব্যাহত সমর্থনের প্রকাশ।
তিনি ইরানের জনগণ ও নেতৃত্বকে আশ্বস্ত করে বলেন, পূর্ণ ঐক্যের মাধ্যমে দেশকে রক্ষা করা হবে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক: 

























