গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা, তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন ও মাদকবিরোধী থিম সং পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কবির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান। এছাড়া শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান বাবর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাজীব আহমেদ, প্রভাষক বিউটি রানী ধর, সাবিনা ইয়াসমিন, হাসান সিদ্দিকসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই মাদকের ক্ষতিকর প্রভাব ও এর সামাজিক পরিণতি তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মাদকবিরোধী থিম সং পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তারা আরও বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।
মিলন মোল্যা, মুকসুদপুর উপজেলা প্রতিনিধী 

























