রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা থমকে গেছে। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, এর আগেই চুক্তি নবায়নে যে অগ্রগতি হওয়ার কথা ছিল তা আর সামনে এগিয়ে নিয়ে যায়নি ক্লাব কর্তৃপক্ষ।
চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, ২০২৬ বিশ্বকাপের পর পর্যন্ত চুক্তি নিয়ে আলোচনায় ফেরার সম্ভাবনা ক্ষীণ।
সম্প্রতি রিয়াল মাদ্রিদ কোত জাবি আলোনসোর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের।
গত কয়েক মাসে চারবার একাদশের বাইরে রাখা হয়েছে তাকে। এর সঙ্গে যোগ হয়েছে অক্টোবরের এল ক্লাসিকোয় বদলি করা। যা নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রকাশ্য অসন্তোষ ক্লাবের ভেতরে বিতর্ক তৈরি করেছে।
ইএসপিএনকে সূত্রগুলো বলছে, চলতি বছরের মে মাসে দুই পক্ষ চুক্তির আর্থিক কাঠামো নিয়ে প্রায় একমত হয়েছিল।
ভিনিসিয়ুসকে বছরে ২০ মিলিয়ন ইউরো বেতন এবং অতিরিক্ত ১০ মিলিয়ন বোনাস দেওয়ার প্রস্তাব ছিল। তবে খেলোয়াড়পক্ষের দাবি, শেষ মুহূর্তে মাদ্রিদ যে প্রস্তাব দেয়, তাতে বোনাসের অংশটি বাদ পড়ে যায়।
বিপরীতে ক্লাব জানায়, মৌখিকভাবে চুক্তির শর্তে একমত হয়েছিল দুই পক্ষই, কিন্তু পরে খেলোয়াড়পক্ষ সরে আসে।
পরবর্তীতে আলোচনা আর কোনো অগ্রগতি পায়নি।
বর্তমানে ভিনিসিয়ুসের বার্ষিক নেট আয় প্রায় ১৭ মিলিয়ন ইউরো। তার প্রতিনিধিরা মনে করেন, ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তির বিনিময়ে এত সামান্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়।
ইএসপিএন জানিয়েছে, আলোচনার পুরো প্রক্রিয়াতেই ভিনিসিয়ুসের প্রতিনিধিদের আচরণে খুশি নয় মাদ্রিদের শীর্ষ কর্তারা। এর মাঝেই নতুন জটিলতা তৈরি করেছে কিলিয়ান এমবাপ্পের বিপুল সাইনিং বোনাস। ভিনিসিয়ুসের প্রতিনিধিরা মনে করছেন, সতীর্থের সঙ্গে একই স্তরের সম্মান ও অর্থনৈতিক মূল্যায়ন তাদেরও প্রাপ্য।
মাঠে দুজনের সম্পর্ক স্বাভাবিক থাকলেও, আলোনসোর সঙ্গে সম্পর্কের অবনতি ক্লাবের জন্য উদ্বেগের জায়গা। ক্লাসিকোর ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন—তবে সেখানে কোচের নাম উল্লেখ করেননি।
এদিকে মাদ্রিদ এখনো আশা করছে ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডকে ধরে রাখতে পারবে তারা।
রিয়াল মাদ্রিদে ২০১৮ সালে যোগ দেওয়ার পর থেকে দু’টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিনিসিয়ুস। তাই ক্লাব চাইছে যত দ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে।
এদিকে ব্রাজিল দলে অবশ্য তিনি অটোমেটিক চয়েস। সাবেক মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির অধীনে আগামী বিশ্বকাপের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন তিনি।
ক্রীড়া ডেস্ক 

























