“স্বাস্থ্য সচেতন শিক্ষার্থীই গড়বে সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর উদ্যোগে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সুষম পুষ্টি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেলে তারা নিজেরা যেমন সুস্থ থাকবে, তেমনি পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আয়োজকরা জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর এই কার্যক্রম বর্তমানে দেশের ১৩টি জেলা ও ২৩টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টি সম্পর্কে সচেতন করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, ঝিকরগাছা উপজেলা ট্যাগ অফিসার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আবু রাসেল, স্টাফ রিপোর্টার যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা (যশোর): 

























