উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া প্রদেশের শিজুইশান শহরের পিংলুয়ো কাউন্টির বাওফেং টাউনের ঝংফাং গ্রামের এক ভেড়াছানা তার অদ্ভুত আচরণের কারণে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ১০ দিনের ভেড়াছানাটির নাম ‘ড্রামা কুইন ল্যাম্ব’।
মরে যাওয়ার অভিনয় করার ক্ষমতার জন্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই ‘ড্রামা কুইন ল্যাম্ব’। কেউ কেউ ভেড়াছানাটিকে কিনতে ১ লাখ ৩০ হাজার ইয়ুয়ান (প্রায় ১৯ হাজার মার্কিন ডলার) অফারও দিয়েছে।
ভেড়াছানার মালিক কৃষক জিন শিয়াওলিন জানান, তিনি চারটি ভেড়াছানা বিক্রি করার জন্য স্থানীয় বাজারে নিয়ে গিয়েছিলেন। বাজারে তিনটি ভেড়াছানা প্রতিটির দাম ৪২০ ইউয়ান (প্রায় ৬০ ডলার) বিক্রি হয়ে যায়। কিন্তু চতুর্থটি অদ্ভুত আচরণ করছিল—যখন কেউ তাকে স্পর্শ করার চেষ্টা করত, তখন তা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ছিল এবং মারা যাওয়ার অভিনয় করতে শুরু করছিল।
ক্রেতারা ভেবেছিল ভেড়াছানাটি অসুস্থ, তাই কেউ কিনতেও চাচ্ছিল না।
কিন্তু মানুষ চলে গেলে ভেড়াছানাটি চুপচাপ উঠে দাঁড়াত এবং পুরোপুরি স্বাভাবিক আচরণ করত। ছানাটি শুধু শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে।
জিন অবজারভেশনকে বলেন, ‘আমি ছানাটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এটি অবিশ্বাস্যভাবে মানুষের মতো আচরণ করছিল।
কাউকে আসতে দেখলেই এটি শুয়ে পড়ে এবং মৃত বলে ভান করে। মানুষ প্রতিদিন এটি দেখতে আসে। কেউ কেউ দেখার জন্যও ফোন করে।’
তিনি আরো বলেন, ‘এটা এত সুন্দর, আমি কিভাবে বিক্রি করব?’
জিনের আত্মীয় অনলাইনে ভেড়াছানাটির একটি ভিডিও পোস্ট করার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ভেড়াটিকে বিভিন্ন দৃশ্যে নাটকীয়ভাবে মারা যাওয়ার ভান করতে দেখা যায়।