দেশে চলমান এলপিজি অটোগ্যাস সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন খাত। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের চালকরা বিভিন্ন স্টেশনে ঘুরেও গ্যাস না পাওয়ায় বিঘ্নিত হচ্ছে যাত্রীসেবা। এমন পরিস্থিতিতে এলপিজি সংকট নিরসনে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়, সেগুলো হলো— এলপিজি সরবরাহকারী কম্পানি, অপারেটর ও এলওএবি’র প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যে কোনো উপায়ে অটোগ্যাসের চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ নিশ্চিত করতে হবে।
বিইআরসি ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে এলপিজি আমদানিসংক্রান্ত সব জটিলতা দ্রুত সমাধান করে অপারেটরদের মাধ্যমে অটোগ্যাস খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
ভবিষ্যতে যেন এলপিজি সরবরাহে ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনে সরকারি উদ্যোগে বিকল্প উৎস থেকে এলপিজি আমদানির ব্যবস্থা গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবহন ব্যবস্থার স্থিতিশীলতা, ভোক্তা স্বার্থ এবং পরিবেশ রক্ষায় অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যথায় এলপিজি সংকট নিরসন না হলে এর প্রভাব পুরো অর্থনীতি ও জনজীবনে আরো গভীর সংকট সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাঈদা আক্তার, সাধারণ সম্পাদক মো. হাসিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসাইন, যুগ্ম অর্থ সম্পাদক মো. মোকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন কবির ভূঁইয়া, মো. মশিউর রহমানসহ অন্য নেতারা।
অনলাইন ডেস্ক, 

























