যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের মুখে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে অর্থ জোগাতে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করা হবে কি না—এ সিদ্ধান্ত নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে ইইউ নেতাদের কাছে ইউক্রেনের জন্য জরুরি অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তোলা হবে। যুদ্ধক্ষেত্রে রাশিয়া ধীরে ধীরে অগ্রসর হওয়ায় এবং ইউক্রেনের ওপর ভূখণ্ড ছাড় দেওয়ার চাপ বাড়ায় কিয়েভ এখন তীব্র সংকটে রয়েছে।
এমন পরিস্থিতিতে শীর্ষ বৈঠকের আগের দিন ইউরোপীয় পার্লামেন্টে বক্তৃতায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষাকে সমর্থন করা ইউরোপীয় প্রতিরক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কাজ।
এটি নিশ্চিত করার ক্ষেত্রে আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘এটি আর কোনো বিকল্প নয়, এটি অপরিহার্য।’
এর আগে চলতি মাসে তিনি ২০২৬ ও ২০২৭ সালে ইউক্রেনের জরুরি প্রতিরক্ষা ও বেসামরিক প্রয়োজন মেটাতে অর্থ জোগানের জন্য দুটি প্রস্তাব দেন। এর মধ্যে—যৌথভাবে ইইউ ঋণ গ্রহণ অথবা ইইউতে জব্দকৃত রাশিয়ার সম্পদের বিপরীতে নিরাপত্তা দিয়ে নেওয়া একটি তথাকথিত ‘ক্ষতিপূরণমূলক ঋণ’।
ইইউ-এর জব্দকৃত প্রায় ২১০ বিলিয়ন রাশিয়ান সম্পদের মধ্যে ৮৫ বিলিয়ন জমা আছে বেলজিয়ামে। তবে জব্দকৃত এসব রাশিয়ান সম্পদ ইউক্রেনকে দেওয়ার পর, ইইউ পরিকল্পনা ব্যর্থ হলে অন্য সদস্য রাষ্ট্রগুলো যে তাদের সহায়তায় এগিয়ে আসবে, সে বিষয়ে তারা পর্যাপ্ত নিশ্চয়তা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে ব্রাসেলসকে বহু বিলিয়ন ইউরোর দায় বহন করতে হতে পারে।
এদিকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে, তারা ব্রাসেলসভিত্তিক সিকিউরিটিজ ডিপোজিটরি ইউরোক্লিয়ারের বিরুদ্ধে ২৩০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে যাচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক 

























