ডে-নাইট টেস্টের প্রথম ইনিংসে লড়াই জমিয়ে তুললেও দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং ধস নামে ইংল্যান্ডে।
মাত্র ৬৫ রানের লক্ষ্য দিয়ে তারা অস্ট্রেলিয়ার কাছে টানা দ্বিতীয় অ্যাশেজ টেস্ট হারে। মাত্র ১০ ওভারেই লক্ষ্য অতিক্রম করে স্বাগতিকরা। ভনের মতে, এই ধস ইংল্যান্ডের টেকনিক্যাল দুর্বলতার পাশাপাশি মানসিক ভঙ্গুরতাকেও স্পষ্ট করে দিয়েছে।
গাব্বায় বিবিসি ক্রিকেটকে ভন বলেন, ‘সত্যি বলতে কী, ইংল্যান্ড সতর্ক না হলে এই সিরিজ ৫-০ হয়ে যেতে পারে।
এখন পর্যন্ত এমন কিছু দেখিনি যা বলে তারা জয়ের কাছাকাছি। ভালো খেলোয়াড় আছে, কিন্তু উন্নতি করতে না পারলে পরিস্থিতি আরো খারাপ হবে।’
ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারেও পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ভন। বিশেষ করে অলি পোপের নম্বর ৩ পজিশন নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন।
ভনের ভাষায়, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বারবার ব্যর্থতার কারণে পোপের মনে মানসিক চাপ তৈরি হয়েছে। তাই তিন নম্বরে তার থাকা যুক্তিযুক্ত নয়। জ্যাকব বাথেলকে কি সুযোগ দেওয়া যায়? স্টোকস কি তিনে খেলতে পারেন? যদিও ২-০ অবস্থায় অভিষেক করানো বড় ঝুঁকি।’
যদি ইংল্যান্ড সিরিজটি ০-৫-তে হারে, তাহলে সেটি হবে চার নম্বর। এর আগে তিনবারই ইংল্যান্ড অ্যাশেজে হোয়াইটওয়াশ হয়েছিল।
প্রথমবার ১৯২০-২১ সালের পর, দ্বিতীয়বার ২০০৬-০৭ ও তৃতীয়বার ২০১৩-১৪ সালে। বিপরীতে অস্ট্রেলিয়া কখনো অ্যাশেজ সিরিজে ০-৫ ব্যবধানে হারের লজ্জা পায়নি।
























