মাসুদ রানা মাসুম
রুমা, বান্দরবান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সকালে রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই সহায়তার আওতায় ৫০টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে এবং ৩০০টি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি থুইসাপ্রু মারমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি লাললিয়ান সম সাইলোক, উচহ্লা মারমা, সদর ইউপি মেম্বার জনমনি ত্রিপুরা, উসাথোয়াই মারমা, চিংসাথোয়াই মারমা (বিপ্লব), যুবদলের সদস্য সচিব মংক্যাচিং মারমা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে থুইসাপ্রু মারমা বলেন, “দরিদ্র ও অসহায় মানুষের পাশে সবসময় বিএনপি রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”






















