যুক্তরাজ্যের দুটি বিমানবাহী রণতরীর মধ্যে একটি, এইচএমএস প্রিন্স অফ ওয়েলসকে পোর্টসমাউথ থেকে যাত্রা শুরু করার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানতে পেরেছে সংবাদমাধ্যম বিবিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে, জাহাজের ক্রুদের পাঁচ দিনের মধ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাধারণত ১৪ দিন সময় রেখে জাহাজটির ‘যাত্রা শুরুর নোটিশ’ দেওয়া হয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরি মোতায়েনের দরকার নেই।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল শনিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের এককালের মহান ও সম্ভবত সব মিত্রের চেয়ে সেরা যুক্তরাজ্য। তারা অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরি পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে।’
এরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে খোঁচা মেরে ট্রাম্প লেখেন, ‘ঠিক আছে, প্রধানমন্ত্রী স্টারমার।
আমাদের আর এগুলোর (বিমানবাহী রণতরি) দরকার নেই। তবে আমরা মনে রাখব। আমরা এমন মানুষ চাই না, যারা যুদ্ধ শুরু হওয়ার পর যোগ না দিয়ে যখন আমরা জিততে চলেছি, তখন যোগ দেয়।’