তিন প্রার্থীর অংশগ্রহণে শেরপুরে জামায়াতের শক্তি প্রদর্শন,গণসংযোগে হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ
শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলে শেরপুর-১ (সদর) আসনের এমপি পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলামসহ শেরপুর-২ এবং শেরপুর-৩ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী গোলাম কিবরিয়া ও নুরুজ্জামান বাদল উপস্থিত ছিলেন।
গত ২৪ অক্টোবর চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে হামলার অভিযোগ তোলে জামায়াতে ইসলামী। এই হামলার প্রতিবাদে শেরপুর শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করে দলটি। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
শেরপুর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এই জনস্রোত প্রমাণ করে কোনো হামলা, মামলা বা প্রতিহিংসা করে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। আমাদের এ পথচলা চির অনন্তকালের দিকে।”
তিনি আরও বলেন, গণতন্ত্রের চর্চা ও শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রমে এমন হামলা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। প্রশাসনকে অবিলম্বে নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তিনি।
শেরপুর-২ আসনের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া এবং শেরপুর-৩ আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলও তাদের বক্তব্যে হামলার নিন্দা জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কোনো অপশক্তি বাধা দিতে পারবে না।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর শেরপুর-১ আসনের চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে পথরোধ করে হামলার ঘটনা ঘটে বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে বিএনপি এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় শেরপুরের রাজনীতিতে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

























