কুড়িগ্রামে ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা
কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় জ্বালানি তেলে পরিমাণে কম সরবরাহসহ একাধিক অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (০১ মে)জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটেশ্বরী এলাকায় অবস্থিত মেসার্স আর.আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুদ সংক্রান্ত বিষয় যাচাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল যা সরাসরি ভোক্তা প্রতারণার শামিল।
এছাড়া অভিযানে আরও গুরুতর অনিয়ম ধরা পড়ে। ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও ছিল না প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ। এমনকি অগ্নিনির্বাপক যন্ত্রপাতিও মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।
এসব অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।
অভিযান শেষে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআই রংপুর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন বলেন, পূর্বেও এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সর্বশেষ অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনিয়মের মাত্রা।
উদ্বেগজনকভাবে বেশি পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম প্রতিনিধি : মোঃ আলমগীর হোসাইন 



















