বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং নতুন উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হিজলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি), বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ শিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় হিজলা উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মতামত প্রদান করেন।
এ সময় প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলের সমান উন্নয়নে কাজ করছে। হিজলা উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকার আন্তরিক। তিনি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হিজলা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও হিজলা উপজেলার উন্নয়নকে আরও গতিশীল করতে বেশ কয়েকটি নতুন প্রকল্প গ্রহণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে উপজেলা পরিষদ চত্বরে এক হাজার আসনবিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য।
সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয়দের মতে, ঘোষিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হিজলা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অবকাঠামো খাতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে এবং এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
মোঃ সাইদুল ইসলাম তানভীর হিজলা ও মেহেন্দিগঞ্জ প্রতিনিধি 

























