লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল বিদ্যালয়টির ১৫টি ল্যাপটপ, একটি এলইডি টিভিসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল চুরি হয়। ঘটনার পরপরই তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তদন্তের একপর্যায়ে প্রধান অভিযুক্ত হিসেবে একই ইউনিয়নের ছাত্রদল নেতা মাসফিক হাসান শুভকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুইজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিদ্যালয়ে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।






















