আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে হবিগঞ্জে চা–বাগান এলাকায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার।
সভায় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন–শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, চা–বাগান এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনা, শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি এবং সম্ভাব্য অস্থিতিশীলতা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার বলেন, নির্বাচন ও গণভোট চলাকালীন সময়ে হবিগঞ্জ জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এজন্য পুলিশ, আনসার, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ.কে.এম সালিমুল হক, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও চা–বাগান এলাকার কর্মকর্তারা।
সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন সময়ে আইন–শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
হবিগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে চা-বাগান কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা
-
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। - আপডেট সময় : ০৬:২৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- 58
জনপ্রিয় সংবাদ




















